Saturday, February 18, 2023

তিনি তাঁর মতো করে বিরোধিতা করেছেন



বিদায় বলতে কেমন শ্বাসকষ্ট হয়। তবু বিদায় বলতেই হয়, কখনো কখনো। সুবিমল মিশ্র চলে গেলেন, একটা যুগ চলে গেল। আমাদের যৌবনের এক বিরোধী চরিত্র চলে গেলেন।

সুবিমল মিশ্রের লেখার সাথে প্রথম পরিচয় ‘বিজ্ঞাপন’ পত্রিকার মাধ্যমে। যে পত্রিকার পরে নাম হবে ‘বিজ্ঞাপন পর্ব’। ‘হারান মাঝির বিধবা বৌয়ের মড়া’ সেই পত্রিকার মাধ্যমেই পড়া এবং প্রেমে পড়ে যাওয়া। আমি যদিও কখনোই সুবিমল মিশ্রের অন্ধ ভক্ত ছিলাম না। তবু সুবিমল আমার প্রিয় লেখকদের ভেতর একজন।

কথা এরকম হতে পারে তবে কেমন ছিল আমাদের মেলামেশার ধরন?

আড্ডার সাথে সাথে তর্কাতর্কি, মন কষাকষি, ভাবভালবাসার কোনো অভাব ছিল না। তখন আমরা ‘সমবেত আর্তনাদ’ নামে একটা কাগজ করছি। বইমেলার সেই টেবিলে তখন সুবিমল মিশ্র, হাংরি সুভাষ ঘোষ এবং আমরা। একবার মনে আছে টেবিলে একজন সুন্দরী এসে জিজ্ঞাসা করলেন – আচ্ছা লিটল ম্যাগাজিন ব্যাপারটা কী?

সুবিমলদার সটান উত্তর ছিল – এত সেজে থাকলে লিটল ম্যাগাজিন কী বোঝা যাবে না।

সুবিমলদাকে ওই মেলাতেই পাঠককে বলতে শুনেছি – আগে বই ধরতে শিখুন তারপর তো বুঝবেন বইটা কী নিয়ে।

খুব কাছ থেকে দেখেছি তাঁর রাগ, অসহায়তা। বইকে কতটা ভালবাসলে এই উচ্চারণ করা যায়। পাঠক এটা কোনো গিমিক নয়। এক ধরনের স্টান্ট ভাবলে ভুল হবে আপনার। নিজের বই বাঁধাই ঘর থেকে আসার পর সেটা অন্তত আধ ঘন্টা ধরে দেখা। এই খুঁতখুঁতে স্বভাব ছিল তাঁর।

আমি এমন কোনো লেখক আর দেখিনি যিনি প্রতিটা বইয়ে একটা পার্সোনাল টাচ দিতে চান। ইচ্ছে করেই প্রচ্ছদে একটা ভুল রেখে তারপর একটা লাল ফেল্ট পেন দিয়ে কারেক্ট করতে দেখেছি আমি।

তবু তাঁর বিরোধিতা করতে আমার বাধেনি। কারণ সুবিমলদাকে আমি কখনো গুরু মনে করিনি। তাঁর প্রতিষ্ঠান বিরোধিতার পদ্ধতির সাথে আমি এক মত হতে পারিনি। তিনি তাঁর মতো করে বিরোধিতা করেছেন এবং বাংলা বাজারে সেটাও কোনো অংশে কম নয়। এবং অনেক ক্ষেত্রেই যা অনেকের অস্বস্তির কারণ হয়েছে। হয়েও চলবে হয়ত আরো বহুদিন।

 

বইয়ের দুনিয়া, বইমেলা বুলেটিনে প্রকাশিত  



Saturday, January 29, 2022

দুটো কবিতা

 





সেসব দিনগুলো


সেসব দিনগুলোতে তখনো
হাড়ের গলায় বাঘ ফুটে যেত অনায়াস
সেসব দিনগুলোতে বলা যেত
দেখে শুনে হাসি পায় রে
তোদের রক্ত-কারখানা।
একদিন সেই দেব শিশু
পড়ে ছিল পার্ক-স্ট্রিট বইমেলার ঘাসে
অমলিন।
আমরা তাকে আড়াল করে
বসে পড়লাম চারধারে।
আর হাসলাম এটা ভেবে যে
তার বাবাকে সে বলেছিল-
তুমি আরো একটা বিয়ে করো বাবা
আমরা একটা জয়েন্ট একাউন্ট খুলি।



চাইলে


তুই চাইলে
তোর হাত ধরে
চলে যেতে পারি ব্যাবিলন
মাছ ভাজা খেতে।
তুই চাইলে
আরো কিছুদিন
মৃত্যু ঠেকিয়ে
তোর পাশে শুয়ে থাকতে পারি।
আরো কিছুটা দম নেওয়া যায়
হুমড়ি খাওয়া দেওয়াল এড়িয়ে।
ভেবে দেখ আমার এই জ্বর তুই
গায়ে মাখবি কি?

Monday, June 21, 2021

 

এক হারামি বুড়োর নোটস




১


চার্লস বুকাওস্কি

অনুবাদ - শুভঙ্কর দাশ

 

 

কোনো এক খানকির ছেলে টাকা পয়সা চেপে রেখেছে, সবাই দাবী করছে তারা ঠনঠন গোপাল। তাস খেলা শেষ হয়ে গেছে, আমি বসে ছিলাম আমার বন্ধু এলফের সাথে, ছোটো-বেলা থেকেই এলফের গাঁড় মারা গেছিল, কঁচকে-মুচকে গেছে একেবারে, বছরের পর বছর ও বিছানায় পড়ে থেকেছে আর টিপেছে ওই রবারের বলগুলো, আর কীসব পাগলা-বেয়াম করেছে আর যখন সে একদিন বিছানা ছেড়ে উঠল সে তখন যতটা লম্বা ততটাই চওড়া হয়েছে, এক পেশী বহুল হাসিমুখ বর্বর, যে লেখক হতে চায় কিন্তু ও বড় বেশি থমাস উলফের মতো লেখে আর ড্রেইসার ছাড়া থমাস উলফের মতো খারাপ আমেরিকান লেখক আর জন্মায় নি, আর আমি এলফের কানের পেছনে মারলাম এক ঘুঁষি আর টেবিল থেকে বোতলটা পড়ে গেল (ও কিছু একটা বলেছিল যেটা আমার পছন্দ হয়নি) আর যখন এলফ এগিয়ে এলো আমার কাছে ছিল বোতলটা,  ভালো স্কচ, আমি আবার মারলাম ঘুঁষি যা গিয়ে লাগল কিছুটা ওর থুতনি আর কিছুটা গলায় আর ও পড়ে গেল ফের, আর এ খেলাটায় নিজেকে বেশ বীর মনে হচ্ছিল, আমি দস্ত্যেভস্কির ছাত্র আর অন্ধকারে মাহলের শুনি, আর আমি বোতল থেকে খানিকটা মাল গলায় ঢালার সময় পেলাম, তারপর ওটা নামিয়ে রেখে ডান হাতের মুঠো তুলে মারার একটা চুক্কি দিয়ে চালালাম বাঁহাত ওর বেল্টের নীচ বরাবর আর ও পড়ল গিয়ে ড্রেসিং টেবিলের উপর থপ করে, আয়নাটা ভেঙ্গে গেল, একটা সিনেমার দৃশ্যের মতো আওয়াজ তুলে,  একটা ঝলকানি আর  একটা ঝলকানি আর ঝনঝন আর তারপর এলফ আমার কপালে মারল এক ঘুঁষি আর আমি পড়লাম গিয়ে একটা চেয়ারের উপর আর ওটা দুমড়ে গেল খড়ের মতো, সস্তার ফার্নিচার সব, আর তারপর আমি গভীর ঝামেলায় জড়ালাম _ আমার হাতগুলো ছোটো আর সেভাবে মারামারির সত্যিকারের অভিজ্ঞতা নেই আর আমি ওকে মেরে বসিয়ে দিতে পারিনি - আর ও এলো যেন এক সস্তার ভাঁড়ের মতো প্রতিহিংসাপরায়ণ হয়ে, আর আমি একটা ঘুঁষির বদলে খাচ্ছিলাম তিনটে যদিও সেগুলো তেমন কিছু নয়, কিন্তু সে নাছড় আর ফার্নিচারগুলো ভাঙ্গছিল ঘরের সব দিকে, খুব আওয়াজ হচ্ছিল আর আমি ভাবছিলাম কেউ একটা এসে থামাবে এটা – বাড়িউলি, পুলি্‌স, ভগবান, যেকেউ, কিন্তু ওটা চলতেই থাকল, চলতেই থাকল আর তারপর আর আমার কিছু মনে নেই।

যখন ঘুম ভাঙ্গল আমার তখন সূর্য উঠে গেছে আর আমি খাটের তলায়। আমি খাটের তলা থেকে বেরিয়ে দেখলাম আমি উঠে দাঁড়াতে পারছি। থুতনির তলায় একটা বড় কাটা দাগ। আঙুলের গাঁটগুলো ঘষড়ে গেছে। এর থেকেও খারাপ হ্যাঙ্গওভার আমার হয়েছে। আর আরো খারাপ জায়গায় ঘুম ভেঙ্গেছে আমার। যেমন জেলখানায়? হয়ত। আমি তাকালাম চারপাশটায়। ব্যাপারটা সত্যি ঘটেছে। সবকিছু ভাঙ্গা আর চেপ্টে আছে চূর্ণবিচূর্ণ, গড়াগড়ি খাচ্ছে সবকিছু – টেবিল ল্যাম্প, চেয়ার, ড্রেসিং টেবিল, বিছানা, ছাইদান – একটা মাত্রাছাড়া অবস্থা, কিছুই বোধগম্য ঠেকছে না, সবকিছুই মনে হচ্ছে কুৎসিত আর খতম। আমি খানিকটা জল খেলাম আর তারপর এগিয়ে গেলাম আলমারিটার দিকে যেটা তখনও টিকে ছিল। দশ, বিশ, পাঁচের টাকাগুলো যেগুলো আমি ভেতরে ছুঁড়েছি যতবার আমি তাস খেলার সময় উঠেছি মুততে, আর আমার মনে  পড়ে গেল এই টাকা নিয়েই ঝাড়পিটের শুরু। আমি টাকাগুলো জড়ো করে মানি ব্যাগে রাখলাম, আমার কাগজের সুটকেস রাখলাম বেঁকে যাওয়া খাটের উপর আর তারপর আমার সামান্য ছেঁড়া জামাকাপড় ভরতে লাগলাম সেটায়, শ্রমিকের জামা, তলায় ফুট হওয়া শক্ত জুতো, নোংরা মড়মড়ে লম্বা মোজা, ঢোলকা পাতলুন যার পাগুলো হাসতে চাইছে, আর সানফ্রানসিসকো অপেরা হাউসে কাঁকড়া ধরা নিয়ে একটা ছোটো গল্প আর একটা ছেঁড়া মিতব্যয়ী ওষূধের দোকানের অভিধান -  ‘উজ্জীবন – সংক্ষেপে পূর্বপুরুষদের ইতিহাস আবার ঝালিয়ে নেওয়া’।

ঘড়িটা কাজ করছে, পুরনো অ্যালার্মঘড়ি, ভগবান ওকে আশীর্বাদ করুন, কতবার যে আমি ওর দিকে তাকিয়েছি সকাল ৭-৩০এ। হ্যাংওভারের সকালে আর বলেছি চাকরির গাঁড়ে? চাকরির গাঁড় মারা যাক। বেশ এটা এখন বলছে বিকেল ৪-৩০। সবে ওটা আমি সুটকেসের উপর দিকে রাখতে গেছি তখন – কেনই বা তখন নয়? আবার দরজায় কেউ ঠকঠক করে উঠল।

হ্যাঁ?

মিঃ বুকাওস্কি?

হ্যাঁ? হ্যাঁ?

আমি ভেতরে এসে বিছানার চাদরটা পালটাতে চাই।

না, আজ নয়। আজ আমি অসুস্থ।

আহা, সেতো খুবই খারাপ ব্যাপার তবু আমাকে ভিতরে গিয়ে বিছানার চাদরটা পালটে দিতে দিন। তারপর আমি চলে যাব।

না, না সত্যিই আমি খুব অসুস্থ। খুবই অসুস্থ। আমি চাই না এ অবস্থায় আপনি আমাকে দেখুন।

তো ব্যাপারটা চলতেই থাকল এভাবে। উনি চাদরটা পালটাতে চাইছেন। আমি বলছি, না। উনি বলছেন আমি বিছানার চাদরটা পালটাতে চাই। বারবার সমানে। ওই বাড়িউলির কী দারুণ চেহারা। পুরোটা শরীর শুধু। তার সবটাই যেন চেঁচিয়ে বলছে শরীর শরীর শরীর। আমি এখানে আছি মাত্র সপ্তা ২। বাড়ির নীচেই একটা বার। লোকে আমার সাথে দেখা করতে আসত, আমি হয়ত ঘরে নেই। উনি বলতেন, ‘উনি নীচের বারে আছেন।  উনি সারাক্ষণই নীচের বারেই থাকেন।‘ আর লোকজন বলত, হে ভগবান, কে গো এই বাড়িউলি?’

তিনি ছিলেন সাদা চামড়ার বড়সড় এক নারী যিনি পছন্দ করতেন ফিলিপিনোদের। আর এই ফিলিপিনোরা অনেক কায়দা জানত, যা একজন সাদা চামড়ার পুরুষ ভাবতেই পারবে না, এমনকী আমিও, আর এখন ওরা সব চলে গেছে ওদের জর্জ র‍্যাফট মার্কা গ্যাংস্টার টুপির প্রান্ত আর জামায় প্যাড দিয়ে চওড়া করা কাঁধ, ওরা ছিল ফ্যাসান লিডার একসময়, চাকু ছোকরারা, লেদারের হিল, তেলচিটে বদ মুখগুলো – কোথায় গেলে সব?  

যাক, বলার এই যে আমার কাছে গলা ভেজাবার কিছুই নেই আর আমি ঘন্টার পর ঘন্টা বসে বসে পাগ্লে যাচ্ছিলাম, ছটফট করছিলাম, আমি সত্যি একেবারে ডাঁশ-মশার মতো বিচি ফুলিয়ে বসে আছি ৪৫০ ডলার হাতে নিয়ে যা তাস পিটিয়ে কামিয়েছিলাম আর আমি একটা ড্রাফট বিয়ারও কিনতে পারছি না। আমি অন্ধকারের অপেক্ষায় ছিলাম। অন্ধকার, মৃত্যু নয়। আমি পালাতে চাই। আরেকবার চেষ্টা করে দেখতে চাই। অবশেষে নিজেকে সামলে অল্প খুললাম দরজাটা, দরজার চেনটা লাগানো আছে তখনো, দেখি একটা বেঁটকে ফিলিপিনো বাঁদর হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে দরজার গোড়ায়। যেই দরজাটা খুলেছি সে হাতুড়িটা তুলল মুচকি হেসে। যখন আমি দরজাটা বন্ধ করলাম সে মুখ থেকে পেরেক বার করে সিঁড়ির কার্পেটে ঠোকার ভান করতে লাগল, যা দোতলার দিকে উঠেছে আর ওখানেই বেরোবার একমাত্র দরজা। আমি জানি না এটা কতক্ষণ ধরে চলেছিল। একই ব্যাপার ঘটছিল বারে বারে। যতবার আমি দরজা খুলেছি সে মুচকি হেসে হাতুড়ি তুলছিল। গান্ডু বাঁদরটা ঠিক এক ধাপ উপরের সিঁড়িতে বসেছিল। আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আমি ঘামছিলাম, গা দিয়ে বোঁটকা গন্ধ ছাড়ছিল, চক্রাকারে পাক মারছিলাম, আমার এধারে মাথার ভেতর আলোর ঝলকানি। আমি সত্যি সত্যি অনুভব করলাম আমি উন্মাদ হয়ে যাচ্ছি। আমি এগিয়ে সুটকেসটা নিলাম। নিতে অসুবিধে নেই। ছেঁড়া কানি স্রেফ। তারপর নিলাম টাইরাইটারটা। স্টিলের তৈরি পোর্টেবেল একটা জিনিস যা আমি ধার করেছিলাম এক সময়ের বন্ধুর বউয়ের কাছ থেকে যা আর ফেরত দিই নি আমি। শক্ত স্টিলের একটা ভাব ছিল সেটায়। ধূসর, সমতাল, ভারী, সজাগ, গতানুগতিক। আমার চোখ দুটো পাক খেয়ে চলে গেল মাথার পিছন দিকে আর দরজা থেকে চেনটা খুলে আমি দ্রুত বাইরে এলাম একেবারে প্রস্তুত, এক হাতে সুটকেস অন্য হাতে ঝেড়ে দেওয়া টাইপ্রাইটারটা, শোক শোক শোকের সূর্যদয়, ফেটে যাওয়া গমের মোচড়, সব কিছুর শেষ।

এই যে! কোথায় চলেছেন?

বেঁটকে বাঁদরটা এক হাঁটুতে ভর দিয়ে উঠে, হাতুড়িটা তুলল, আর জাস্ট এটুকুই আমার প্রয়োজন ছিল – হাতুড়ির উপর বৈদ্যুতিক আলোর একটা ঝলকানি – আমার বাঁ হাতে ছিল সুটকেসটা, স্টিলের পোর্টেবেল টাইপরাইটারটা ডান হাতে, ও ছিল একেবারে সঠিক অবস্থানে, ঠিক আমার হাঁটুর নীচ বরাবর আর আমি ঘুরিয়ে টাইপরাইটারটার শক্ত দিকটা দিয়ে মারলাম ঠিকঠাক তার মাথার পাশ বরাবর ওর রগে, খুলিতে এক ঘা।

একটা আলোর তরঙ্গ খেলে গেল যেন সবকিছু কেঁদে উঠল এক সাথে তারপর সব চুপ স্থির। আমি বাইরে, হঠাতই, পাশের গলিতে, অতগুলো সিঁড়ি কীভাবে নেমে এলাম জানি না। ভাগ্য বলতে হবে, দেখি একটা হলুদ ট্যাক্সি।

ট্যাক্সি।

আমি ট্যাক্সির ভেতর। ইউনিয়ান ষ্টেশন।

ভালোই বেশ, টায়ারের শান্ত শব্দ সকালের বাতাসে।

না, দাঁড়ান, আমি বললাম। বাস ডিপোতে নিয়ে চলুন বরং।

কী ব্যাপার দাদা? ড্রাইভার জিজ্ঞাসা করল।

আমি এইমাত্র আমার বাবাকে খুন করেছি।

আপনি আপনার বাবাকে খুন করেছেন?

কখনো যীশু ক্রিস্টের নাম শুনেছেন?

নিশ্চয়ই।

তাহলে বাস ডিপোতে চলুন।

আমি বাস ডিপোতে এক ঘন্টা অপেক্ষায় বসে আছি নিউ অরলিয়ন্সের বাসের জন্য। আর মনে মনে ভাবছি লোকটাকে কি মেরে ফেললাম আমি? অবশেষে বাসে উঠলাম টাইপরাইটার আর সুটকেস নিয়ে, মাথার উপরের তাকে টাইপরাইটারটাকে গুঁজে রাখলাম একটু দূরে, যাতে ওটা মাথার উপর না এসে পড়ে। বাসযাত্রাটা ছিল বেশ লম্বা আর মদ খাওয়া আর ফোর্ট ওয়ার্থের এক লাল চুলো মেয়ের সাথে অল্প ফষ্টিনষ্টি। আমিও নেমে গেছিলাম ফোর্ট ওয়ার্থে কিন্তু মেয়েটি থাকে তার মায়ের সাথে আর তাই আমাকে একটা ঘর ভাড়া নিতে হবে, আর ভুল করে আমি একটা ঘর নিয়ে ফেললাম একটা বেশ্যাখানায়। সারা রাত ধরে মেয়েগুলো চেল্লাচ্ছিল, যেমন নাকি ‘এইযে, কোনো অবস্থাতেই ওইটা তুমি আমার ভেতর ঢোকাবে না, যতই টাকা দেখাও না কেন!’ সারাত ধরে টয়লেটের ফ্লাস চলছে। দরজা খুলছে বন্ধ হচ্ছে।

ওই লাল চুলো মেয়েটা, বড় ভালো নিষ্পাপ বেচারি বা আরো একটা ভালো মানুষের জন্য দর করেছে। সে যাইহোক, আমি তার প্যান্টের নীচে না ঢুকেই শহর ছাড়লাম। অবশেষে গিয়ে পৌঁছলাম নিউ অরলিয়ন্সে।

কিন্তু সেই এলফ। মনে আছে তো? যার সাথে আমি মারপিট করেছিলাম আমার ঘরে। তা সে যুদ্ধের সময় মারা গেছিল মেশিনগানের গুলিতে। আমি শুনেছি সে বিছানায় পড়েছিল বহুদিন, ৩ বা ৪ সপ্তাহ হবে তারপর মারা গেছিল। আর সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো, ও আমাকে বলেছিল, না, আমাকে জিজ্ঞাসা করেছিল ‘যদি কোনো খানকির ছেলে মেশিনগানের ট্রিগারে আঙুল দিয়ে আমাকে দু আধখানা করে দেয়?’

‘সেটা হবে তোমার দোষ।‘

‘বেশ আমি জানি তুমি কখনোই কোনো বালের মেশিনগানের গুলিতে মরবে না।‘

‘তুমি শালা একেবারে নিশ্চিত তাই না? আমি নই সোনা। যদি না তা শ্যাম কাকার হয়।‘

‘ওসব বালের কথা আমায় বোলো না, আমি জানি তুমি তোমার দেশকে ভালোবাসো। আমি তোমার চোখের ভেতর সেটা দেখতে পাই। ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা।‘

আমি প্রথ্মবার এর পরেই ওকে মেরেছিলাম।

তারপর গল্পের বাকিটা আপনারা জানেন।

নিউ অরলিয়ন্সে পৌঁছে এটা দেখে নিয়েছিলাম যেন কোনো বেশ্যাখানায় আবার না গিয়ে উঠি, যদিও পুরো শহরটাই সেরকমই দেখতে।    

Wednesday, June 10, 2020

দশ বছর আগের দুটো দিন এবং






















গ্যাব্রিয়েল্লা

ধরা যাক তার নাম ছিল গ্যাব্রিয়েল্লা
যার গাড়ির ড্যাসবোর্ডে আমি
চক দিয়ে লিখেছিলাম একটা
কবিতার লাইন।
তা কি ছিল সমুদ্রের ঢেউ গোনার কথা
নাকি ঢেউয়ের নাম গোত্রের ইতিহাস?
এতদিন পর আর মনে পড়ছে না।
স্মৃতিগুলো ধোঁয়া হয়ে পুরোটা জানালা দিয়ে
বেরিয়ে যাওয়ার আগেই ভাবলাম ধরে রাখি
কয়েকটা মুহূর্ত।
কীভাবে যে ১০টা বছর চলে গেল।
সেই আমাকে বসিয়েছিল তার পাশে
আর তার হাতে ছিল স্টিয়ারিং।
পেছনের সিটে আমার বন্ধু
যার সাথে কথা চলছিল তার।
তারপর তর্ক জমে উঠল এতটাই
যে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে
চলল সেই শব্দের ঝড়,
যার এক বর্ণও আমি বুঝতে পারছিলাম না।
এদিকে রাস্তায় সার বেঁধে দাঁড়িয়ে গেছে গাড়ি
আর তাদের হর্ন বাজছে সমানে।
মাঝে মাঝে জানালা দিয়ে মুখ বাড়িয়ে তাদের
বাসতার্ডো বলে আবার ঝড়ের শুরু হচ্ছে।
আমি একে অতিথি তায় ভেতো বাঙালি
আস্তে আস্তে বললাম
গাড়িটা সাইড করে নিলে হয় না?
সে অবাক চোখে একবার আমাকে দেখে
গাড়ি স্টার্ট দিলো ফের।
এত কথা কোথায় যে থাকে মানুষের কে জানে?
যেন মেশিনগান চলছে
মনে মনে ভাবছিলাম আমি।
কফি খেতে যাওয়া তখন মাথায় উঠেছে।




ড্যানিয়েল্লা

আমি একটুও ভেগান নই
সপ্তাহে কদিন পেটে একটু ঝুনো দিলেও
আমার দাঁতে কাটার রসদ চাই।
অভাবে চিকেন খেয়ে দেখেছি
ভালো লাগে না
বড় একঘেয়ে লাগে।
এসবই জানত আমার ইতালিয়ান বন্ধুটি।
তাই সে আমাকে ঘোড়ার মাংসের স্টেক খাওয়ায়।
ওই প্রথম খাওয়াতেই প্রেমের ঘোর
যা আজও কাটেনি আমার।
দ্বিতীয় দিন আমিই প্রস্তাব দি
এবং সেদিন আমাদের সংগে
সাথ দিয়েছিল সেই সুন্দরী
ড্যানিয়েল্লা
যাকে দেখলেই প্রেমে পড়তে ইচ্ছে করে।
কিন্তু ভাষা দাঁড়াল দেওয়াল তুলে।
সে ইংরেজি জানে না
আমিও ইতালিয়ান জানি না।
কত আর চোখে চোখে কথা বলা যায়,
তার চেয়ে বরং মন দি মাংসে
ছোটো ছোটো বান রুটি গরম করে দেওয়া
যা ঠাণ্ডা হলেই শক্ত হয়ে যায়
তার সাথে গলা ভেজাতে
এক জাগ রেড ওয়াইনে।
ওফ্ফ সে স্বর্গলাভের কথা বোঝানো যাবে না
যেভাবে আমার সাথে ড্যানিয়েল্লার প্রেমের কথাও।
ওই রাস্তার বেতের চেয়ারগুলো জানে
ওই টেবিলের তলার অন্ধকারও
হয়ত জানে কিছুটা
সেই অবশ অসহায়তার কথা।




হে বন্ধু আমার

তোমার কথা মনে পড়ছে
হে বন্ধু আমার
তুমি কি এখনো
বেঁচে বর্তে আছো মিলানে?
রোজ বাসন মাজার সময় আরো বেশি করে
মনে পড়ে তোমায়।
তোমার মতো
কাগজের প্লেটে খাওয়ার প্র্যাক্টিস করা ভালো।
খেয়েদেয়ে প্লেট ফেলে দাও স্রেফ
ক্রমাগত বেশিনে জমাবার দরকার নেই,
জমে থাকা জলে ডুবো পাহাড়ের মতো।
বাঁধা কপি কিনে এনে ঘচাঘচ কেটে
অল্প নুন আর মরিচ আর স্যালাড অয়েল মেরে
কাঁটা চামচ দিয়ে খেয়ে নাও যদি
নিজেকে খুব গরু গরু লাগবে কি?
আমার লাগে নি যদিও।
সাথে রেড ওয়াইনের তাগড়াই বোতল খানা
ছিল সাথ দেওয়ার জন্য বলেই কি?
ইতালির ঠাণ্ডায় বেশ একটা আরাম
ঘনিয়ে আসছিল শরীরে।
তুমি কি এখনো
বেঁচে বর্তে আছো মিলানে?
নাকি মারা গেলে
কিছু না বলেই?




Friday, February 28, 2020

স্মৃতির কয়েকটা পাতা






যে বাড়িতে আমি বড় হয়েছি সেটা মুদিয়ালির একটা দোতলা বাড়ি। বাড়ির নাম ফলকে লেখা ছিল সত্য কুঠির। আমার ঠাকুর্দা বাড়িটি বানিয়েছিলেন আমার ঠাকুমার জন্য প্রায় একশ বছর আগে। ইচ্ছে ছিল একটা স্কুল বানাবেন। সে জন্য বাড়িটার অজস্র জানালা দরোজা ছিল। কিন্তু তাঁর দুই ছেলে শেষমেশ এসে উঠল এ বাড়িতেই। গ্রামে আর তাদের মন টেকেনি। জমিদারীর জায়গা জমি বেচেবুচে তাঁরা শহরে এসে পড়লেন। আমার বাবার গায়ে শহরের হাওয়া আগেই লেগেছিল অবশ্য। স্কটিসচার্চে তাঁর পড়াশোনার সুবাদে। এই জায়গাটা টিপুসুলতানের নায়েবের জায়গা ছিল। রাস্তাটার নাম টিপুসুলতান রোড। যেখানে এখন দেশপ্রাণ স্কুল সেই পুরো জায়গাটাতেই নায়েবের বসত বাড়ি ছিল। পেছনে নিজস্ব মসজিদ যার অস্তিত্ব এখনো আছে, মুদিয়ালি মাংসের দোকানের ঠিক পেছনটায় সেটা এখনো দাঁড়িয়ে আছে পুরনো সব স্মৃতি নিয়ে।  
এলাকায় আমাদের বাড়ি ভূতিয়া বাড়ি হিসেবে বিখ্যাত কেন, এ কথায় বাবা-মার থেকে কোনো সঠিক উত্তর পাইনি কোনো দিন। পরে ঠাকুমার মুখে জেনেছিলাম টিপুসুলতানের নায়েবের নিজস্ব কবরখানা সস্তায় কিনে নিয়েছিলেন আমার ঠাকুর্দা।  তিনি তো আর ভাবেননি কোনোদিন এখানে থাকবেন। তার প্ল্যানে ছিল স্কুল। তাই কবরখানা কিনতে তাঁর আটকায় নি। বাড়ি বানাবার সময় মাটি খুঁড়তে গিয়ে গোটা দুয়েক কঙ্কালও নাকি পাওয়া গেছিল। তা সেই বাড়িতেই আমার বড় হয়ে ওঠা। লম্বা ঝুল বারান্দার তলায় একটা লম্বা রক। যেখানে সকাল সন্ধ্যা লোকজনকে আড্ডা মারতে দেখেছি আমি। আর রাস্তার ওপারে এ মোড় থেকে ও মোড় নখিপুরের জমিদার বাড়ি। গোটা কয়েক বাড়ি নিয়ে এই টিপুসুলতান রোড। আমাদের বাড়ির সামনে ওই নখিপুর জমিদার বাড়ির গায়ে পর পর ছিল কতগুলো দোকান। একদম বাঁদিকে জয়দেবদার মিষ্টির দোকান। তারপর নেপালদার ইলেক্ট্রিকের দোকান। তারপর কালুর লেডিস টেলারিং, তারপর একটা ধোপার দোকান আর শেষ মাথায় একটা ছোটো সোনার দোকান। জয়দেবদা সন্ধ্যে থেকেই আড্ডা মারত আমাদের রকে বসে। আর আমরা জানালা খুলে বিকেলের সিঙ্গাড়া ইত্যাদি বাড়িতে বসেই পেয়ে যেতাম। তার জন্য আর রাস্তা পেরোতে হতো না। একটা বড় কাঠের বারকোশের উপর আরেকটা কাঠের বারকোশ চাপিয়ে তার উপর তার বিরাট ভুঁড়ি নিয়ে চেপে বসত জয়েদেবদা। আর মাঝে রাখা ছানার জল ঝরানো হতো ওভাবেই। তার থেকে মিষ্টি তৈরি হতো। মা এ কারণেই জয়দেবদার বানানো মিষ্টি খেতে চাইত না।
সকালবেলা যে ছেলেটা দোকান খুলত তাকে প্রথম প্রশ্ন করত জয়দেবদা –‘পাখিকে খেতে দিয়েচিস’? পাখি বলতে কাক আর একদল গোলা পায়রা যারা আশ্রয় নিয়েছিল এদিক ওদিকের পুরোনো বাড়ির কার্নিস আর ভেঙ্গে পড়তে থাকা ফাঁকা ঘরগুলোতে।
একজনের কথা মনে পড়ছে এ প্রসঙ্গে। একজন মধ্য বয়স্ক বেঁটে খাটো টাক মাথা লোক মাঝে মাঝেই গলা ছেড়ে ওই দোকানে বসে গেয়ে উঠত –‘বসন্ত চলে যায় আমার এ ভূবন হতে...’। মা সেই গান শুনে প্রায়ই বলত –‘ওরে বুড়ো, তোর বসন্ত বহুদিন চলে গেছে’। জয়দেবদার দোকান থেকে ফুট দশেক বাঁহাতে ছিল একটা লম্বা দেওয়াল। যা সারাক্ষণ ভিজে থাকত মুতে। একটা খোলা পাব্লিক ইউরিনাল। যেখানে মুততে কোনো বাধা নেই। কেউ বকতে আসবে না। অথচ সেই মুত পেরিয়ে একদিন দেওয়ালে স্টেন্সিল কেটে মাওয়ের ছবি কেউ এঁকে দিয়ে গেছিল। তারপর থেকে ভয়ে অনেকদিন কেউ ওখানে মুততে যায় নি।
তখনো পাড়ার উঠতি চ্যাংড়াদের মিষ্টি খেয়ে বলত শুনেছি –‘মিষ্টিটা এখনো গলা থেকে নামেনি আর তুই পয়সা চাইছিস?’
সেইসব আড্ডা সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে গেল। নখিপুরের জমিদার বাড়ি ভেঙ্গে গোটা চারেক ফ্ল্যাট উঠল। জয়দেবদারা যে কোথায় চলে গেল তারপর, কেউ বলতে পারে না সে কথা।
জয়দেবের মিষ্টি দোকানটা আর নেই, মুদিয়ালি বাড়ির জিন রমণীর সাথে
সে যে কেন গেল হাইড্রায় মিষ্টি বেচতে!!! কেন যে যায় সবাই কোথায়
যে যায়। আসলে থাকার মধ্যেও একটা যাওয়া কাজ করে।
বাটা মাছ খেতে ভালোবাসত যে নেপালদা সেও হারিয়ে গেল।
কালুর লেডিস টেলারিং-এর কালু ছিল এক রঙিন চরিত্র। তার দোকানের অ্যাসিস্টেন্ট ছিল একটি মেয়ে। আমাদের লক্ষ্মীর ভাষায় তার নাম ছিল বুনুনি। যার দুটো মাই কালু চান্স পেলেই টিপত পকাপক। সে ঘটনা আমাদের লক্ষ্মীর গোয়েন্দা চোখ এড়িয়ে যেতে পারে নি। তো বেশ চলছিল এরকম হঠাৎ একদিন কালু তার ফ্যামিলি সমেত ভেজাল তেল খেয়ে হাসপাতালে ভরতি হলো। বৌটা মারা গেল হাসপাতালেই। তারপর বুনুনি বৌয়ের জায়গা নিলো আর বুনুনির জায়গা নিল আরেকটি মেয়ে। লক্ষ্মী যার নাম দিয়েছিল পাকাচুলি। কোঁকডা ঘন কালো চুলের খানিকটা পাকা ছিল বেচারির। তারপর পাকাচুলির বুক মাপা চলতে লাগল। এর জন্য কেউ কালুকে ক্যালায় নি। শুধু পাড়ার কালী পুজোয় কালু ঠিকঠাক চাঁদা দেয় নি বলে তার দোকানের সামনে হেগে রেখেছিল কেউ আর দোকানের তালাগুলোয় গু মাখিয়ে রেখেছিল।  
আমাদের পাশের বাড়ি ভাড়া থাকত এক বুড়োবুড়ি আর তাদের পাগল মেয়ে আর তার বামপন্থী ভাই। ওই সোনার দোকানে চুপিচুপি গয়না বিক্রি করতে দেখেছি ওই বুড়িমাকে। তারপর তারা গত হলে সেই ভাই আর তার পাগল বোন ছিল আরো কিছুদিন। পাগল বোনটাকে মাঝে মাঝে রুটি খেতে দিত আমাদের রান্নার মেয়ে লক্ষ্মী। তা টের পেয়ে তার ভাই তারপর বাইরে থেকে তালা মেরে যেত। না খেতে পেয়ে পেয়ে বোনটা একদিন মারা গেল। বামপন্থী ভাই বেশ কয়েকদিন পর ফিরে এসে দেখল বোনের গায়ে পিঁপড়ে ধরে গেছে। তারাও আর নেই ও পাড়ায়। যেভাবে আমাদের বাড়িটাও বিক্রি হয়ে গেছে। তবু ও বাড়ির কথা মনে পড়লে আমার সেই জিন রমণীর কথা মনে পড়ে। যে নাকি ওই বাড়ি আঁকড়ে ছিল বহুদিন। অবশ্য সে কথা আমাকে বলেছিল মাঝারের এক ফকির, কারণ আমি সাদা সিল্কের জামা পরে ঘুরতে দেখতাম এক সুন্দরীকে। যা আর প্রমাণ করার উপায় নেই। কারণ ওই বাড়িটাই আর নেই আমাদের। এখন শুনি ওটা গোডাউন হয়েছে। ফ্ল্যাট হতে পারে নি এখনও।      


Thursday, March 21, 2019

স্টকহোমের শেষদিন






বুকাওস্কি প্রথম কবে পড়েছিলাম মনে নেই আর। খুব সম্ভবত হাংরিদের প্রকাশিত কোনো কাগজে ইংরেজিতেই একটা কবিতা পড়ি। এবং আমাদের প্রকাশিত কাগজপত্রে সেটা আবার ছাপি। লোকজন আওয়াজ টাওয়াজ দিয়েছিল মনে আছে। চিরকালই অর্ধশিক্ষিত এই সবজান্তা গামছাওয়ালারা গোঁফ ফুলিয়ে যা করে আরকি। বয়স কম ছিল বলে চুপ করে গেছিলাম জবাব দিতে পারিনি। সে যুগে ইন্টারনেটও তো ছিল না। জাস্ট একটা কবিতা পড়ে তাকে নিয়ে লড়ে যাওয়ার ক্ষমতাও। অনেক পরে কোলকাতার ফুটপাতে বুকাওস্কির উপন্যাস Post Office পাই খুব সম্ভব, সেটা ২০০৩ সাল। তখন পড়ে মজা পাইনি তেমন। যেমন হার্মান হেসের সির্দ্ধার্থ পড়েও। তখনও সার্ত্রে, জয়েস, কাফকার ভুলভুলাইয়াতে ফেঁসে আছি আমি। অলংকার আর অহংকার আর ইন্টেলেকচুয়াল ত্যাঁদড়ামোর আলো অসম্ভব সঠিক বলে মনে হচ্ছে। তখনও a drop of pure light বস্তুটা বুঝলেও বোধগম্য হয়নি। ওর জন্য Wise হয়ে উঠতে হয়। Shaman হতে হয়। বুদ্ধির ধার দিয়ে ওকে ছোঁয়া যায় না। আমরা ভারতীয়রা অন্তত সাটল স্বাদের কদর বুঝি না। আমাদের বেড়ে ওঠাও তো বেসিক কালার্স-এর মধ্যেই। তীব্র ঝাল টক মিষ্টিতে অভ্যস্ত আমরা। বৌধ্য ধর্মের শূন্যবাদ তাই ভারতে জন্মেও ভারতে ঠেক পায় না। জাপান তাকে সাদরে গ্রহণ করে। আমরা আর কী করে হাইকু বুঝবো। আমাদের ভালো লাগবে জয়েসের ইউলিসিস। কারণ সেটা বোঝা যায় না। শব্দের সার্কাস আর ফর্ম নিয়েই আমরা মজে আছি।
এখানে একটা মজার গল্প বলি। আমার চোখ যেদিন প্রথম খোলে তার গল্প। একবার এক জার্মান ভদ্রমহিলার বাড়িতে খেতে গেছি। এক প্লেট স্প্যাগেতি চলে এলো। এক চামচ মুখে দিয়ে মনে হলো এ আবার কী? এতো স্রেফ সেদ্ধ। ভুরুটুরু কুঁচকে দ্বিতীয় চামচ খাওয়ার পর টের পেলাম সেই পাতার গন্ধ। খুব সূক্ষ্ম। আমাদের চড়া দাগের জিভে যা চট করে ধরা দেয় না। দেবে না। সাহিত্যের পাঠও ঠিক তাই। সেরিনিটির মজা মোৎজার্টের মিউজিকের মতো যে পেলো সে বর্তে গেল। যে পেলো না তার জন্য করুণা ছাড়া আর কী থকতে পারে।
এত বছর পর বুকাওস্কিকে আবার ইন্টারনেটে আবিষ্কার করলাম এই তো সেদিন। হুড় হুড় করে পড়ে ফেললাম Ham on Rye, Hollywood, Women, Factotum এবং আরেকবার সেই Post Office-এর পুরোনো বইটা। নেট থেকে নামানো তাঁর বেশ কিছু কবিতাও। মানে একটা বুকাওস্কি জ্বর নিয়েই স্টকহোম পৌঁছেছিলাম।
১৯এ নভেম্বর ২০১০ সন্ধ্যায় সুইডিশ কবি হেনরি দিনানদারের বাড়িতে আমন্ত্রণ। বোয়েল আমাকে হোটেল থেকে পাঁচটা নাগাদ তুলে নিয়ে যাবে। সেরকম কথা আছে।
সকালে ঘুম থেকে উঠে যথারীতি একটা ছোট্ট বোতল নিয়ে বাথরুমে গেলাম। হেগে কাগজ দিয়ে মোছার অভ্যাস আমার কোনোদিনই নেই। কেমন যেন গা ঘিন ঘিন করে। কোনো বাথরুমেই মগ বলে কোনো বস্তু নেই তাই বেসিন থেকে জল ভরে বোতল দিয়ে কাজ সারতে হতো আমায়। তারপর একটা চওড়া টিসু নিয়ে পেছন মোছা। এই চওড়া টিসুটার নাম দিয়েছিলাম আঁস ওয়াইপ, জানি না এটার সত্যিই তাই নাম ছিল কিনা।
ঘর থেকে বেরিয়েই ঝট করে স্লট মেশিনে ক্রোণা ঢুকিয়ে এক কাপ কড়া গরম কালো কফি নিয়ে নেটে বসলাম। এথেন্সের জন্য কত লাগবে এখান থেকে তাই দেখতে। এই ঠাণ্ডা আর সহ্য হচ্ছিল না। মোটামুটি একটা ধারণা পাওয়ার পর একবার ফেসবুকে ঢুকলাম। দেখি হেনরি আমার কবিতা পাঠের ফটোগুলো আপলোড করেছে। আর সারা পৃথিবী থেকে আসা কমেন্টগুলো পড়তে মজাই পাচ্ছিলাম।
সকালবেলা বেরিয়ে পড়লাম কোনো ট্রাভেল অফিস যদি পাওয়া যায় তাহলে প্লেনের টিকিটটা কাটবো এথেন্সের জন্য। ইয়োরোপের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। এথেন্সে ঠাণ্ডাটাও অনেক কম। কোলকাতার ঠাণ্ডার মতো। কিছুটা ভারতীয় টাকা ছিল কাছে। একটা Forex Exchange খুঁজে সেটাকে প্রথমিক ভাবে ভাঙ্গিয়ে ইউরো করলাম কিন্তু বেশ খানিক্ষণ হাঁটাহাটি করেও কোনো ট্রাভেল এজেন্টের অফিস চোখে পড়ল না। বেরোবার সময় কেন যে রিসেপশনে জিজ্ঞেস করিনি কে জানে।
সারাক্ষণই মানুষের কেন যে খিদে পায়! রাজাদের হাঁটাহাঁটির জন্য একটা বাগান যা এখন জনতার জন্য খুলে দেওয়া হয়েছে যার এক কোণে বাচ্চাদের স্কেটিং করার জন্য একটা স্কেটিং রিং। কিছুক্ষণ তাদের হুল্লোড় হৈ হৈ দেখতে দেখতে এগোলাম সামনের দিকে। বাচ্চাদের এই হুল্লোড় চিৎকার পৃথিবীর সব জায়গায় একই, সে বোসপুকুরই হোক বা এই সুইডেন। রাস্তার উপর একটা রোলের স্টল দেখলাম। খাবার দাবার বেশ সস্তা কিন্তু এই দশটা এগারোটার সকালেও সেটা জাস্ট বন্ধ। অতএব আরেক ঢোক জল আর হাঁটা, আর ছবি তোলা। রাস্তায় এদিক ওদিক দাড়িয়ে লোকে সিগ্রেট ফুঁকছে। ছেলেদের তুলনায় মেয়ে স্মোকার অনেক বেশি। আরেক ঢোক জল। তারপর রাস্তা পেরিয়ে আরেকটা নতুন গলিতে ঢুকে পড়া। মনে মনে অবশ্য ভয় করছিল হারিয়ে না যাই। কোলকাতাতেই তো কতবার এই হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। রোড সেন্স আমার চিরকালই খুব খারাপ। তাই খুব বাড়াবাড়ি না করে আরেকটা চক্কর মেরে উঠতে উঠতে হঠাৎ আবার অন্ধকার করে এলো। আর সঙ্গে সেই তীব্র ঠাণ্ডা হাওয়া। সোজা হোটেলের দিকে পা চালানো ছাড়া আর গতি নেই বুঝলাম। যাকগে সুটকেশ গোছাতে বেশ ভালোই লাগে আমার। আবার আরেকটা বেরিয়ে পড়ার জন্য তৈরি হতে।
চাবি কার্ড দিয়ে গেটের পর গেট পেরিয়ে আবার আমার ঘরে।



I have died too many times
believing and waiting, waiting
in a room
staring at a cracked ceiling
waiting for the phone, a letter, a knock, a sound…
going wild inside 
বুকাওস্কির এই কয়েকটা লাইন মাথায় পাক খাচ্ছিল। বিছানায় শুয়ে শুয়ে কখন ঘুমিয়ে পড়েছি হঠাৎ ফোনে ঘুম ভাঙল।
-‘আমি পৌঁছচ্ছি তুমি বেরিয়ে এসো। ওই একই জায়গায় দেখা হবে আমাদের’। বোয়েল। তাড়াতাড়ি উঠে দ্রুত জামাকাপড়, জ্যাকেট, গ্রাফিত্তির কালো ঝোলা তুলে আমি বেরিয়ে পড়লাম। গেটের পর গেট পেরোতে পেরোতে মাথা ঢাকা টুপিটা টেনে পরতে পরতে। একমুখ হাসি নিয়ে দেখি বোয়েল দাড়িয়ে।
‘তুমি তো ওল্ড টাউন দেখনি। যাবে নাকি?’
‘আলবাত’।
‘চলো। হাঁটতে অসুবিধে নেই তো?’
‘একদম না।‘
শহরের মধ্যে আরেকটা শহর এই ওল্ড টাউন। তার এদিক ওদিক চলে যাওয়া পাথুরে রাস্তারা আর তার উপর অদ্ভুত মায়াময় এক হলুদ আলোর রূপকথা। একটা সন্ধ্যের বরাত আমার। ক্যামেরা চালিয়েও সুবিধে হচ্ছিল না। আলো বড় কম। চোখ দেখতে পেলেও ক্যামেরার চোখে তাকে বন্দী করার চেষ্টা বৃথা যাচ্ছিল। ফ্ল্যাশে তুলে পুরো রূপকথাটা খবরের কাগজের ফ্ল্যাট নিউজ করতে চাইছিলাম না আরকি।
একটা ছোট্ট দোকান দেখে দাড়িয়ে পড়লাম। দোকানের বাইরের ফুটপাতে নানান জিনিসের সাথে সস্তায় কিছু পিকাচার পোস্টকার্ড সাজানো আছে। কয়েকটা পিকচার পোস্টকার্ড বাছলাম কিনব বলে। তারপর ভেতরে গিয়ে একটা ছোট্ট টেবিলটপ ক্যালেন্ডারও পছন্দ হলো, বোয়েল কিছুতেই আমাকে দাম মেটাতে দিলো না।
‘আমি এটা তোমায় উপহার দিচ্ছি’।
ওখান থেকে হাঁটতে হাঁটতে একটা ছোট্ট বাজার। ঘুরতে ঘুরতে দুজন বয়স্ক ভদ্রমহিলার ছোট্ট দোকানে এসে থামলাম। রকমারী সুইডিশ মারমালেড। কমলালেবুর আচার। এটা ওটা চাখতে চাখতে ওয়াইন দিয়ে তৈরি একটা আচার পছন্দ হলো আমাদের। দুটো বোতল কিনলাম। একটা বোয়েলের জন্য উপহার আর অন্যটা বাড়ির জন্য। যা অবশ্য বাড়ি অবধি আর আসেনি। এথেন্সের এয়ারপোর্টে হ্যান্ড লাগেজে ওটা রাখার অপরাধে সেটা আমাকে বহু অনুরোধের পরও ট্র্যাশ করতে হয়েছিল।
বোয়েল  একদম নিরামিষাশী আর আমি তো সর্বভূক প্রায়। তাই আবারও একটা মাংসের দোকানে দাড়ালাম। নানারকম মাংস দেখতে দেখতে বিশাল বিশাল সসেজের মতো অথচ টকটকে লাল মাংস দেখে থমকালাম।
‘ওই বস্তুটা কী বোয়েল?’
‘ওটা? ওটা একটা স্পেশাল ডেলিকেসি। মাংসের মধ্যে রক্ত মেশানো’।
পেটটা কেমন গুলিয়ে উঠল। আর এক মুহূর্ত দাড়ালে আমার বমি হয়ে যাবে। আমি হাঁটা দিলাম।
‘কী হলো, কিনবে না?’
‘না থাক বোয়েল। থাক বরং চলো একটু কফি খাই’।
কফি খেয়ে ওখান থেকে হেঁটে কাছেই একটা পাতাল রেল স্টেশন। এই প্রথম দেখলাম সামনে টুপি খুলে মাটিতে রেখে একটা ছেলে গিটার বাজিয়ে গান গাইছে। পরে শুনেছি সুইডেনের দুঃখীদের জায়গা আন্ডারগ্রাউন্ডে। শহরের উপর এদের দেখতে পাওয়া যায় না। আমি টিকিট কাটতে গেলে বোয়েল বারণ করলো। আমাকে নাকি টিকিট দেওয়া হবে না। তবে কি সুইডিশ পাতাল রেল শুধুমাত্র সুইডিশদের জন্য? কোলকাতার মতোই চাপাচাপি ভিড় নিয়েই এই টিউব রেল ভ্রমণ। নেমে বাড়ি খোঁজার পালা এবার। বোয়েলও এই প্রথম হেনরির বাড়ি যাচ্ছে। দুজনে এক শহরের বাসিন্দা হয়েও ওদের আলাপ আমার সূত্র ধরেই। ভাবা যায়।
বেল বাজানো হলো। ওপর থেকে সুইচ টিপে নীচের দরজা খুলে দিলো হেনরি। আমরা লিফটে চেপে পৌঁছলাম হেনরির ফ্ল্যাটে।
ঢোকার মুখে একটা এক চিলতে ঘরে জ্যাকেট জুতো খুলে রেখে লম্বা ড্রইং রুমটায় ঢুকলাম। একদিকে কামিনী প্রেসের যুদ্ধ ক্ষেত্র। কাটিং মেশিন। কাটা কাগজ। কিছু বই মলাটহীন। কিছু তৈরি একদম। দেওয়াল জোড়া বইয়ের র‍্যাক, বইয়ের আলমারি আর পেইনটিং, ফোটোগ্রাফ, পোস্টার। বই দেখলেই চিরকালই ভেতরটা কেমন গুর গুর করে ওঠে আমার। একটা বন্ধ আলমারির কাঁচের এপার থেকে বই দেখছি, দেখি হেনরি এগিয়ে আসছে গুটি গুটি।
‘এটা বুকাওস্কির আলমারি। ওর সমস্ত বই এখানে আছে। সব। বুকাওস্কি আমার প্রিয় লেখক’। 
যার বই পাওয়ার জন্য আমি বছরের পর বছর হাপিত্যেস করে থেকেছি তার সব বই এই আলমারিটার ভেতর। গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছিল। ভালো লাগছিল যেমন তেমন একটা যন্ত্রণাও হচ্ছিল ভেতর ভেতর। ভাবছিলাম ইয়োরোপে থাকার সুবিধের কথা। জীবনে ক্রেডিট কার্ড না থাকায় আমাজন থেকে বইও কোনোদিন আনাতে পারিনি আমি। (২০১০-এ তাই ছিল)। এই প্রিভিলেজ ওদের শুধু। আমার ইচ্ছা থাকলেও উপায় নেই কোনো। আমার লেখক বন্ধু শাশ্বত মাঝে মাঝে বই আনাত আমাজন থেকে। শুনেছি বইয়ের দাম প্রায় দুগুণ পড়ে যায় পাঠানোর খরচ জুড়লে। কী অসহ্য অবস্থায় আমরা আছি। এর সাথে তো আনন্দবাজারের বদামীও জুড়েছে। পুরো সাউথ এশিয়ায় যে পেঙ্গুইন ইংরেজি বই ডিস্ট্রিবিউট করে তার প্রায় অর্ধেকের উপর শেয়ার এরা কিনে নিয়েছে। এখন আমরা কী ইংরেজি বই পড়বো তাও এরা ঠিক করে দেয়।
হেনরি আর বোয়েল কেউই মদ খায় না। কিন্তু আমার জন্য হোয়াইট ওয়াইনের বোতল খোলা হলো। আর আমাকে সঙ্গ দিতে ওরা দুজনে এক বোতল স্পার্কলিং ওয়াটার নিয়ে বসল। সোডা ওয়াটারের আরেকটা ভার্সান। চলল তুমুল আড্ডা। অনেকক্ষণ ধরেই হেনরি উশখুশ করছিল কিন্তু কিছুতেই মুখ ফুটে বলতে পারছিল না। হঠাৎ শিশুর মতো মুখ নিচু করে বলে উঠল –‘তোমরা আমার টি শার্টের লেখাটা দেখেছ’? এতক্ষণ সত্যিই খেয়াল করিনি লেখাটা। দেখি কালো টি শার্টের বুকের কাছে ছোটো ছোটো অক্ষরে সাদা দিয়ে লেখা – I am not working.
হেনরির এখনকার সব বই-ই আমার কাছে আছে। কিন্তু ওর প্রথম দিকের  Bottle of Smoke Press 2005-এ প্রকাশিত Weeks Like This আমার কাছে ছিল না। অতয়েব বইটা সই করে আমাকে দিলো হেনরি। সঙ্গে Chiron review-এর ৭৬ নং সংখ্যা। যেখানে হেনরির একটা বড় সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। আর বোয়েল দিলো তার কবিতার বই Karlek Som Fobi (Love as Fobia)। আর পোস্টস্ক্রিপটামের দুটো সংখ্যা। একটা James Laughlin সংখ্যা আর অন্যটা ওদের কবিতা উৎসবের কবিদের কবিতা নিয়ে একটা সংখ্যা। আর আমাদের গ্রাফিত্তি কোলকাতা ব্রডসাইডে অনুপ্রাণিত হয়ে বোয়েলরাও একটা ব্রডসাইড বার করেছে সুইডেন থেকে। চিনের কবি Mindy Zhang-এর তিনটে কবিতার সুইডিশ অনুবাদের একটা ব্রডসাইড। আর একটা হ্যান্ডমেড কাগজের সুন্দর খাতা। যেটা দিয়ে বোয়েল বলল –This is a special gift for you. Fill this up with your poems and return it to me.
আমি জাস্ট কোন জবাব দিতে পারিনি। মুখ নিচু করে বসেছিলাম কিছুক্ষণ। আমি কি এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য?