Thursday, September 7, 2023

 সোমব্রেরো ফল আউট


রিচার্ড ব্রটিগান


পানশালা

 

ছেলেটি দেওয়াল ঘড়ির দিকে তাকায়। ১০-৩০ বাজে। সে মেয়েটিকে ফোন করতে পারেনি কেননা সে জানে মেয়েটি আরেকজন পুরুষের সঙ্গে আছে, উপভোগ করছে ছেলেটির শরীর, ছেলেটির শরীরের নীচে আরামে অস্ফুটে গোঙাচ্ছে... আর ভালোবাসছে সেই নতুন পুরুষটিকে।  

একটা তীব্র দীর্ঘশ্বাস প্রবল সামুদ্রিক ঝড়ের মতো তার শরীর কাঁপিয়ে দিলো আর তারপর সে ধপ করে বসে পড়ল কোচে। সে চেষ্টা করল সবকিছুর হিসেবনিকেশ করতে। মেয়েটি ধৈর্য, বুদ্ধি, জ্ঞান পরীক্ষা খেলার হাজার টুকরো যেন, যা তার মাথার ভেতর ডিগবাজি খাচ্ছে যেন তারা একটা পাবলিক ওয়াশিং মেশিনের ড্রায়ারের ভেতর।  

কয়েকটা মুহূর্তের জন্য তার মাথাটা একই সাথে অতীত, বর্তমান, ভবিষ্যতে ঘুরতে লাগল আর মেয়েটিকে নিয়ে কোনো চিন্তাই আকার পাচ্ছিল না। তারপর তার শোকে মেয়েটির চুল আসতে আসতে একটা প্রধান বিষয় হয়ে উঠল। মেয়েটির চুল সে চিরকাল ভালোবেসেছে। সেটা অনেকটা ঘোরের মতো ছিল তার কাছে। কত লম্বা আর কালো আর ঘন আর সন্মোহক ছিল তার চুল এ কথা ভাবতে ভাবতে ধাঁধার হাজার টুকরোগুলো জুড়তে লাগল একে অপরের সাথে যতক্ষণ না তার মনে পড়ল তাদের প্রথম দেখা হওয়ার সময়টা।

দু বছর আগে, সেদিন বৃষ্টি পড়ছিল।

মেয়েটি খুব বেশি পানশালায় যেত না।

সে রাতে কাজ শেষ করার পর মেয়েটি খুব ক্লান্ত ছিল কিন্তু তার দু কলিগ তাকে টেনে নিয়ে গেল কাছের এক পানশালায় যেখানে তরুণ প্রজন্ম ভিড় জমায়।

ছেলেটি সেখানে ছিল বড় বিরক্ত হয়ে। মাঝেই মাঝেই সে বিরক্ত বোধ করত আর তা অন্যকে জানাবার আগে দু বার ভাবত না। একটা মোলায়েম হাস্যরস হিসেবে চালিয়ে দিত।

পানশালার উঁচু একটা টুলে বসে সে যখন ঘুরে তাকাল তখন সে পুরো মাতাল, যে অভিজ্ঞতা তার কাছে নতুন কিছু নয়, আর দেখল মেয়েটিকে তার আরো দুজন বান্ধবীর সাথে বসে আছে। ওরা সবাই সাদা ইউনিফর্ম পরে আছে। তাদের দেখে মনে হচ্ছে এইমাত্র ডিউটি সেরে তারা বেরিয়েছে।  

মেয়েটি সত্যি বড় সুন্দর।

তার চুল আঁচড়ে খোপা করে বাঁধা, মাথার উপর ক্লাসিক্যাল জাপানি ভঙ্গিতে। তার সামনের মদের গ্লাস প্রায় অধরাই পড়ে আছে।  সে অন্য মেয়েগুলোর কথা শুনছে। একটি মেয়ে প্রচুর কথা বলছে আর নিজের গ্লাসের মদ তারিয়ে তারিয়ে খাচ্ছে তার সামনেই।

এসিয়ান মেয়েটি খুবই চুপচাপ।  

সে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে মেয়েটির দিকে। মেয়েটি কয়েক সেকেন্ডের জন্য ছেলেটির দিকে ফিরে তাকিয়ে ফের শুনতে থাকে অন্য মেয়েটির কথা।

সে ভাবে মেয়েটি কি তাকে চিনতে পেরেছে। অনেক সময় মেয়েরা পারে আর তাতে তার সুবিধেই হয়। তার বইগুলো পপুলার আর খুব সহজেই তা পাওয়া যায় বইয়ের দোকানগুলোতে।

সে ফের ঘুরে আর এক পাত্তর অর্ডার দেয়। এই ব্যাপারটা নিয়ে তাকে একটু ভাবতে হবে। যখন সে মাল না খেয়ে থাকে তখন সে খুবই লাজুক প্রকৃতির মানুষ। একটি মহিলাকে  অর্থপূর্ণ ইঙ্গিত করতে গেলে তাকে আগে মাতাল হতে হয়। সে নিজের গ্লাসে চুমুক মারতে মারতে ভাবছিল সেকি যথেষ্ট মাতাল হয়েছে যাতে সে যেতে পারে ঐ টেবিলে যেখানে বসে আছে ওই এসিয়ান মেয়েটি আর গিয়ে তার সাথে আলাপ জমাতে পারবে। মেয়েটিকে দেখবে বলে সে ফের ঘুরে বসে কিন্তু দেখে মেয়েটি তার দিকেই তাকিয়ে আছে। তার ভেতরটা কেঁপে ওঠে সে ফের মুখ ঘুরিয়ে নেয়, আর তার কান দুটো লজ্জায় গরম হয়ে ওঠে।  

না, সে এখনো যথেষ্ট মাতাল হয়নি যাতে সে মেয়েটিকে কোনো অর্থপূর্ণ ইঙ্গিত করতে পারে।

সে বারটেন্ডারকে হাতের ইশারা করে, লোকটি কাছে আসে।

‘আরেকটা দেবো?’ ছেলেটির গ্লাসের দিকে তাকিয়ে বলে সে যা তখনো আধভরতি।

‘একটা ডবল’, ছেলেটি উত্তর দেয়।

বারটেন্ডারের মুখ ছিল অভিব্যাক্তিহীন কারণ সে একজন খুব ভালো বারটেন্ডার। সে গিয়ে হুইস্কি নিয়ে আসে। যখন সে ফিরে আসে কৌতুক কাহিনী রচয়িতার কাছে ততক্ষণে অর্ধেক গ্লাস ভরতি মদটা সে শেষ করে ফেলেছে। কয়েক মিনিট পর ডবলটাও অর্ধেক হয়ে যায়। দু চুমুকে সে সেটাকে এক পেগে নামিয়ে এনেছে।

সে টের পাচ্ছিল এসিয়ান মেয়েটি তার দিকে তাকিয়ে আছে।

সে মনে মনে ভাবল মেয়েটি নিশ্চয়ই আমার বই পড়েছে।

তারপর তার সামনের গ্লাসটা সে খালি করে ফেলে।

হুইস্কিটা কোনো শব্দ না করে পড়ে গিয়ে তলহীন এক কুয়োঁয়।

এখন শরীরে সেই শক্তি এসেছে যা নিয়ে সে উঠে পড়ে মেয়েটার টেবিলে গিয়ে বলতে পারবে, ‘হ্যালো, আপনার সঙ্গে কি আমি বসতে  পারি?’

Wednesday, September 6, 2023

 সোমব্রেরো ফল আউট


রিচার্ড ব্রটিগান


ঝাঁটা

 

ভগ্নহৃদয় আমেরিকান কৌতুক কাহিনী রচয়িতা কিছুই জানত না যে তার ওয়েস্ট পেপার বাস্কেটে পড়ে থাকা ছেঁড়া কাগজের টুকরোগুলোর ভেতর কী ঘটছে। সে জানত না যে তাদের এখন একটা নিজস্ব জীবন হয়েছে আর তারা তাকে ছাড়াই লেখা এগিয়ে নিয়ে চলেছে। সে শুধু কষ্ট পাচ্ছে তার হারানো জাপানি প্রেমিকার জন্য। সে ভাবে মেয়েটিকে সে ফোন করবে আর বলবে যে সে তাকে ভালোবাসে আর তাকে ফিরে পেতে সে সবকিছু করতে পারে।

সে টেলিফোনটার দিকে তাকায়।

মেয়েটি শুধু সাতটা নম্বরের দূরত্বে আছে তার থেকে।

শুধু তাকে ওই নম্বরগুলো ডায়াল করতে হবে।

তাহলেই সে মেয়েটির গলা শুনতে পাবে।

সেটা হবে একটা ঘুমে জড়ানো গলা কারণ সে ফোন করে তার ঘুম ভাঙ্গিয়েছে। মনে হবে যেন বহু দূর থেকে ভেসে আসছে সেই স্বর।  হয়ত সে কিয়োটোয়, যদিও মেয়েটি মাইল খানেক দূরে আছে সানফ্রানসিস্কোর রিচমন্ড জেলায়।  

‘হ্যালো’, মেয়েটি বলল।

‘আমি। কথা বলতে পারবে?’

‘না, আমার সাথে একজন আছে। আমাদের ভেতর সবকিছু চুকেবুকে গেছে। আমাকে আর ফোন কোরো না। তুমি ফোন করলে ও রেগে যায়’।

‘কী?’

‘যে পুরুষমানুষটিকে আমি ভালোবাসি ও পছন্দ করে না তোমার ফোন আসা। তাই আমাকে আর ফোন কোরো না। ঠিক আছে?’

ক্লিক

মেয়েটি ফোন নামিয়ে রাখে।  

ছেলেটির মাথার ভেতরে যখন মেয়েটি ফোন নামিয়ে রাখছিল তখন মেয়েটি আসলে একা ঘুমোচ্ছিল তার বেড়ালটিকে পাশে নিয়ে। সে অঘোরে ঘুমোচ্ছিল। এক মাস আগে তাদের সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পর থেকে সে আর কারো সাথে বিছানায় যায়নি। এমন কী সে কোনো পুরুষের সাথে একটা ডেটেও যায়নি। সে তার কর্মস্থলে কাজ করেছে, বাড়ি ফিরে সূঁচের কাজ করেছে, বই পড়েছে শুধু। সে প্রুস্ত পড়ছিল। কেন তা সে জানে না। কখনো সখনো ভাই আর ভাই বৌয়ের বাড়িতে বেড়াতে গেছে আর সবাই মিলে টেলিভিশন দেখেছে।

আমেরিকান কৌতুক কাহিনী রচয়িতার সঙ্গে সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পর থেকে মেয়েটির জীবন কেটেছে নিস্তরঙ্গ ঘটনাহীন। এইসব অন্যান্য কাজ করতে করতে সে খুব ভাবছিল তার নিজের জীবন নিয়ে। তার ছাব্বিশ বছর বয়স আর নিজের জীবনটাকে সেই  পরিপ্রেক্ষিতে রাখতে চাইছিল। যে দু বছর সে ওই আমেরিকান কৌতুক কাহিনী রচয়িতার  সঙ্গে ছিল সে নিজের অস্তিত্বের ব্যাপ্তি হারিয়ে ফেলেছিল, সে জীবন থেকে কী চায় সে কথাও তার গুলিয়ে গেছিল। ওই কৌতুক কাহিনী রচয়িতা তার জীবন থেকে প্রভূত শক্তি সামর্থ শুষে নিয়েছে। তাকে সারাক্ষণ নিরাপত্তাহীনতায় ভোগা ওই কৌতুক কাহিনী রচয়িতাকে সামলাতে হয়েছে , সামলাতে হয়েছে তার নানান বাতিক। আর এসব দু বছর ধরে করার পর সে নিজেকেই ভুলে গেছে। যদিও শুরুতে সে শুধু ছেলেটির সাথেই থাকতে চেয়েছিল, নিজেদের ছেলেমেয়ে নিয়ে একটা সুস্থ সাধারণ জীবন চেয়েছিল।

ছেলেটির মূল পাগলামী বাস্তবে এমন কিছুই হতে দিল না।  

একসাথে এক বছর থাকার পর মেয়েটি বুঝল যে এই ভালোবাসার সম্পর্ক তার জন্য সঠিক নয় কিন্তু তার আরো একটা বছর লাগল এটা থেকে বেরিয়ে আসতে আর এখন সে খুশি যে সে অবশেষে বেরোতে পেরেছে এই সম্পর্ক থেকে।  

মাঝে মাঝে সে ভাবে কীভাবে সে এতদিন ধরে এই সম্পর্ক গড়াতে দিল।

সে নিজেকে বলে, পরের বার প্রেমে পড়লে আমি আরো সর্তক থাকব। আর নিজের কাছে সে একটা প্রতিজ্ঞা করেছে যেটা সে রাখবে ঠিক করেছে। আর কখনোই কোনো লেখকের সাথে সে সম্পর্কে জড়াবে না, যতই সে মনোরম, সংবেদনশীল, মজার মানুষ বা উদ্ভাবনী শক্তি সম্পন্ন হোক না কেন। শেষ অবধি তারা ভালোবাসার সম্পর্কের যোগ্য নয়। তাদের আবেগের দাম বড় বেশি আর তাদের রক্ষণাবেক্ষণও খুবই জটিল এক কাজ। তারা অনেকটা ভ্যাকিউম ক্লিনার সাথে নিয়ে ঘোরার মতো যা সারাক্ষণ খারাপ হচ্ছে আর যাকে একমাত্র সারাতে পারে আইনস্টাইন।

সে চায় তার পরের প্রেমিক হোক একটা ঝাঁটা।  

 

     সোমব্রেরো ফল আউট



রিচার্ড ব্রটিগান


কাজ

 

যখন কাজ হারানো লোকটা দেখল মেয়রের পিসতুত ভাই হাঠাৎ সোমব্রেরোটা তোলার জন্য আগ্রহী হয়ে উঠেছে, সে আতঙ্কিত হয়ে পড়ল। সে নিশ্চিত জানত সে কোনোদিনই আর কাজ জোটাতে পারবে না যদি না সে সোমব্রেরোটা মেয়রের কাছে পৌঁছে দিতে পারে।

মেয়রের পিসতুত ভাই সোমব্রেরোটা তুলতে চাইছে কেন?

ওর তো একটা পেশা আছে।

ওর হাত ভর্তি বেরির কষের দাগও তো নেই।

 

 

Tuesday, September 5, 2023

    সোমব্রেরো ফল আউট


রিচার্ড ব্রটিগান


পেশা

 

‘আপনার জন্য আমি সোমব্রেরোটা নিয়ে আসছি, মেয়র সাহেব’, সে বলল আর নীচু হয়ে তুলতে গেল সোমব্রেরোটা।

‘না,আমি নিয়ে আসব’, বলল মেয়রের  পিসতুত ভাই, সে হঠাৎ বুঝতে পারল যে সে যদি সোমব্রেরোটা না নিয়ে আসে তাহলে সে কোনোদিনই মেয়র হতে পারবে না।

কে এই বেকার মালটা যে তুলতে চাইছে এই সোমব্রেরোটা আর তার সরকারি দফতরে কাজ পাওয়ার জন্য ডাকের বারোটা বাজাতে চাইছে। ওওকি মেয়র হতে চায়? যদিও সোমব্রেরোটা ভয়ঙ্কর ঠাণ্ডা সে ওই খানকির ছেলেকে টুপিটা তুলে এই শহরের মেয়র হতে কখনো দেবে না।  

প্রথবারেই যে কেন ওটা আমি তুলি নি? পিসতুত ভাই ভাবছিল। তাহলে এসব কিছুই ঘটত না। একটা বরফ ঠাণ্ডা সোমব্রেরো কোনো ক্ষতিই করতে পারে না। ওটা শুধু তাকে চমকে দিয়েছিল। ব্যাপারটা তাই। সে ভাবতেই পারেনি যে ওটা এত ঠাণ্ডা হবে, তাই সে লাফিয়ে পিছিয়ে এসেছিল। কে ভাবতে পারে যে সোমব্রেরোটা এমন ঠাণ্ডা হবে? যে কেউই ঘাবড়ে গিয়ে তার মতো আচরণ করত।

তাকে এভাবে বোকা বানাবার জন্য পিসতুত ভাইয়ের রাগ উঠল সোমব্রেরোটার উপর। মেয়রের হাতে ওই সোমব্রেরোটা তাকে দিতেই হবে যদি সে কোনোদিন আদৌ মেয়র হতে চায়। তার সমস্ত রাজনৈতিক পেশার সুযোগ খতম হয়ে যাবে যদি না সে সোমব্রেরোটা মেয়রের হাতে দিতে পারে।

বালের সোমব্রেরো।

Sunday, September 3, 2023

   সোমব্রেরো ফল আউট


রিচার্ড ব্রটিগান


হ্যাম-বার্গার

 

কাজ হারানো লোকটার মাথায় একটা চিন্তা খেলে গেল। সোমব্রেরোটা এখনো রাস্তায় পড়ে আছে। মেয়রের পিসতুত ভাই সেটা তুলতে পারেনি। ওটা তুলতে গিয়ে সে লাফিয়ে পিছিয়ে এসেছে যেন তার হাতে মৌমাছি কামড় দিয়েছে।

সোমব্রেরো পড়ে আছে সেখানেই।

হয়ত কাজ হারানো লোকটা যদি সোমব্রেরোটা তুলে মেয়রের হাতে দেয় হয়ত মেয়ের তাকে একটা চাকরি করে দেবে আর তাহলে সে বেরি খাওয়া বন্ধ করে অনেক হ্যাম-বার্গার খেতে পারবে।

রাস্তায় পড়ে থাকা সো্মব্রেরোটার দিকে আবার দেখল সে, তার জিভে  জল চলে আসছিল হ্যাম-বার্গারের কথা ভেবে যার উপর থাকবে প্রচুর পেঁয়াজ আর টম্যাটো সস।

এ সুযোগ সে হাতছাড়া করবে না।

সে হয়ত আর কখনোই চাকরি পাবে না যদি না সে সোমব্রেরোটা তুলে মেয়রের হাতে দিতে পারে।

সে তখন কী করবে যখন ঋতু পালটে বেরি হওয়া বন্ধ হয়ে যাবে?

কী খারাপ ভাবনা।

আর বেরি নয়।

যদিও এখন বেরি খেতে তার ঘেন্না লাগে কিন্তু কিছু না খাওয়ার থেকে বেরি খাওয়া ভালো। তখন সে কী করবে যখন আর বেরি থাকবে না।

এই সোমব্রেরোটা যেটা এখন রাস্তায় পড়ে আছে সেটাই হয়ত তার শেষ সুযোগ।

 

Saturday, September 2, 2023

  সোমব্রেরো ফল আউট 


রিচার্ড ব্রটিগান


বেরি

 

যদিও সেটা ছিল একটা গরমের দিন তবু সোমব্রেরোটা ছিল বরফের মতো ঠাণ্ডা। যখন পিসতুত ভাই টুপিটা ছুঁল সে তৎক্ষণাৎ হাতটা সরিয়ে নিয়ে ছিল যেনবা সে বিদ্যুৎ ছুঁয়ে ফেলেছে।

‘কী হয়েছে?’ মেয়র বলল।

‘এই সোমব্রেরোটা খুব ঠাণ্ডা,’ তার পিসতুত ভাই বলল।

‘কী?’ মেয়র বলল।

‘এটা ঠাণ্ডা’।

‘ঠাণ্ডা?’

‘বরফের মতো ঠাণ্ডা’।

যে লোকটার কোনো কাজ ছিল না সে হাঁ করে সোমব্রেরোর দিকে তাকিয়ে থাকল। তার দেখে মনে হচ্ছিল না যে ওটা ঠাণ্ডা। কিন্তু সে কীইবা জানে? তার কোনো কাজ নেই। হয়ত তার কাজ থাকলে সোমব্রেরোটা তারও ঠাণ্ডা মনে হতো। হয়ত সে জন্যই তার কোনো কাজ নেই। একটা সোমব্রেরোর দিকে তাকিয়েও সে বুঝতে পারছিল না যে ওটা ঠাণ্ডা।

তার বেকার ভাতাও এক মাস হলো শেষ হয়ে গেছে আর এখন কাছের পাহাড়ের পায়ের কাছে ফলে থাকা বেরি খেয়ে চালাতে হচ্ছে তাকে স্রেফ।

এই বেরি খেয়ে খেয়ে সে ক্লান্ত হয়ে পড়েছে খুব।

সে একটা হ্যাম-বার্গার চায়।

 

 

 

 

 

 সোমব্রেরো ফল আউট 


রিচার্ড ব্রটিগান


 

মেয়র

 

‘আকাশ থেকে টুপি খসে পড়ছে কেন?’মেয়র বলল।

‘আমি জানি না’, বলল তার পিসতুত ভাই।

কাজ চলে যাওয়া লোকটা ভাবছিল টুপিটা তার মাথায় আঁটবে কিনা।

‘এটা একটা সিরিয়াস ব্যাপার’, বলল মেয়র। ‘ওই সোমব্রেরোটা আমি ভালো করে দেখতে চাই’। সে টুপির দিকে আঙুল তুলে দেখাল আর তার পিসতুত ভাই তৎক্ষণাৎ টুপিটা তুলতে গেল কারণ কোনো একদিন সেও মেয়র হতে চায় তাই টুপিটা তুললে হয়ত ভবিষ্যতে তা তাকে কোনো রাজনৈতিক ফায়দা এনে দিতে পারবে যখন তার নাম থাকবে ব্যালটে।  

হয়ত একটা বড় জনসভায় মেয়র তার নাম অনুমোদন করবে। বলবে, ‘আমি একজন ভালো মেয়র ছিলাম আর আপনারা আমাকে ছবার নির্বাচিত করেছেন কিন্তু আমি জানি আমার এই পিসতুত ভাইটি একজন দারুণ মেয়র হতে পারে আর আমাদের কমিউনিটিকে সে এগিয়ে নিয়ে যেতে পারবে সততা আর লিডারশিপের এই ট্র্যাডিশনে’।

হ্যাঁ, সোমব্রেরোটা তুলে নেওয়ার ভাবনাটা ছিল অতি উত্তম।

তার মেয়র হওয়ার ভবিষ্যৎ নির্ভর করছে এর উপর।

সেটা খুব নির্বোধের পরিচয় হতো যদি সে বলত, ‘যাও গিয়ে নিজেই তুলে নাও। নিজেকে তুমি ভাবোটা কী? এই পৃথিবীতে তোমার জন্য সোমব্রেরো তোলার কাজ করতে আমি জন্মাইনি’।