Monday, July 25, 2016

কার্সন ম্যাককুলার্স

সে মারা গেছিল মদ খেয়ে খেয়ে
একটা মহাসমুদ্রের জাহাজের
ডেকচেয়ারে
চাদরে মোড়া।

তার সব বই
ভয় পাওয়া একাকীত্বের

তার সব বইয়ের
ভালোবাসাহীন ভালোবাসার
নিষ্ঠুরতা

শুধু মাত্র পড়েছিল

যখন হাঁটতে বেরোনো
ছুটি কাটাতে আসা একজন
তার মৃত শরীর আবিষ্কার করল

ক্যাপ্টেন কে গিয়ে জানাল

আর তাকে দ্রুত সরিয়ে দেওয়া হল
জাহাজের
অন্য কোনখানে

আর সব কিছুই
চলতে লাগল
যেভাবে
সে লিখেছিল।

~  চার্লস বুকাওস্কি
অনুবাদ ~ শুভঙ্কর দাশ



Sunday, June 19, 2016

প্রেয়ার ফ্ল্যাগগুলো






তুমি আর ফিরবে না
ফিরতে পারবে না আর,
জানিয়েছ।

নদীও পারে না ফিরতে,
তবু পুরনো ছবিগুলো জলের গভীরে কোথাও
গা ঢাকা দিয়ে ঠিক র‍্য়ে যা্বে।

জলের উপর হাত রেখে ডাকলে
তারা যে ভেসে উঠে আঙুলে জড়ায়
সেতো তুমি জানো।

সেই যে ছমাস পর তোমার স্মৃতির সাথে
আমার স্মৃতির দেখা হয়ে গেল
কাঠের একটা ঝুলন্ত ব্রিজের উপর।

যেখানে আমরা কেউ নেই।

হাওয়া দিচ্ছিল আর প্রেয়ার ফ্ল্যাগগুলো
বাতাসের কানে কানে গল্প করছিল আমাদের।
ব্রিজটাও কি দুলে উঠল সেই কথা শুনে?

কখন এলে?
যেন তুমি জানতে তুমি ডাকলেই
তারা আসবে,
ভেসে উঠবে জলের উপর।
অথবা বন বাদাড় ভেদ করে
ছুটে আসবে চেনা সব হাওয়া।

ওই প্রেয়ার ফ্ল্যাগগুলো সাক্ষী
যারা হই হই করছে এখন।

Friday, June 3, 2016

জ্যাক মিশেলিন-এর কবিতা

জ্যাক মিশেলিন একজন আমেরিকান কবি। রাস্তা ঘাটে কবিতা পড়ে বেড়াতেন। কোন বড় প্রকাশক তার বই কখনো প্রকাশ করেনি। বেশির ভাগ বই বেরিয়েছে লিটল ম্যাগাজিন প্রকাশকদের প্রকাশনা থেকে। স্ট্রিট পোয়েট মিশেলিন বেঁচেছিলেন দারিদ্রের সীমা বরাবর। হার্ট অ্যাটাকে মারা যান ১৯৯৮-এর ২৭এ ফেব্রুয়ারি। তাকে বিট জেনারেশনের কবি বলা হলেও তিনি মনে করতেন ‘বিট জেনারেশন আসলে একটা মিডিয়া ফ্যান্টাসি। এই প্রথম বাংলায় তার কবিতা। অনুবাদ ~ শুভঙ্কর দাশ।








পৃথিবীর শিশুদের জন্য একটি কবিতা


একটি শিশু হাঁটছে স্বপ্নের ভেতরে
সেই তারার রাত্রিতে মেয়েটির চোখ দুটো নাচছে
যেদিন পূর্ণিমার চাঁদ উঠবে
জিপসিরা ফিরবে ঘরে
তারা চিরদিনের জন্য ঘরে ফিরে আসবে
আর সমস্ত নৌকো যা কখনো জলে ভাসেনি
চিরকালের জন্য ভেসে যাবে জলে
আর যে সমস্ত ফুল বড় হয়ে ওঠেনি
চিরটাকালের জন্য ফুটে উঠবে
একটি শিশু হাঁটছে স্বপ্নের ভেতরে
আর সমস্ত তারা যারা চমকায়নি ঝকমক করে উঠবে চিরদিনের জন্য
আর সমস্ত শিশু যারা নাচতে পারেনি এতদিন তারা নাচবে চিরটাকাল
একটি শিশু হাঁটছে স্বপ্নের ভেতরে




তাই শুধু সৃষ্টিশীল যা সীমিত


যখন ভালবাসা সৃষ্টি করে
যখন স্নেহ সৃষ্টি করে
সে শব্দ সমস্ত শব্দের ভেতর সেরা
যখন মানুষ আর মানুষী সৃষ্টি করে এক শিশুর জন্ম হয়
যখন ভয় সৃষ্টি করে রাগ জন্মায়
যখন নিঃসঙ্গতা সৃষ্টি করে হতাশা জন্মায়
যখন ব্যবসা সৃষ্টি করে অতিক্রিয়তা জন্মায়
যখন খবরের কাগজ সৃষ্টি করে রাজনীতিবিদ জন্মায়
যখন আর্ট গ্যালারি সৃষ্টি করে তখন টাকার জন্ম হয়
কবরখানা সৃষ্টি করে না
মিউজিয়াম সৃষ্টি করে না
হাঁসপাতাল সৃষ্টি করে না
জেলখানা সৃষ্টি করে না
শক্তি সৃষ্টি করে না
শুধু ভালবাসাই সৃষ্টিশীল
আর তা খুবই সীমিত





সবুজ


লোভের রঙ সবুজ আর ঘাস আর গাছের পাতার
সবুজ চোখ ডাইনি আর মাগিদের
মাঠ আর পাহাড়ের রঙ সবুজ
আইসবক্সে পচতে থাকা বুকাওস্কির
চিজের রঙও সবুজ
সবুজ ফারলিংগেট্টির টুপি আর বিল সারোয়ানের বুক
নরমান মেলারের মুখের চারদিকের বলয়ও সবুজ
সবুজ জেনিস জপলিনের আকাশ আর তার বুক
জ্যাক কেরুয়াকের মটরের স্যুপের রঙও সবুজ
যা তাঁর মা বানাতেন তাঁর জন্য
সবুজ আমার গ্যাম্বলার প্যান্টের রঙ
সবুজ জেড পাথরের রঙ
ব্রোকলি সবুজ, পালং শাক আর মটরও সবুজ
সাপেরা সবুজ, মুল্ডন এল্ডার সবুজ, চার্লিও সবুজ
রাসপুটিন ছিল লাল আর সবুজ, লাল আর সবুজে মিলে হয় বাদামি
সবুজ বেড়ালের চোখগুলো, পান্না, জেড পাথর
জঙ্গল ভর্তি সবুজে
গ্রিনবে প্যাকারসরা সবুজ
পিশাচের চোখ সবুজ
আমার পাছা যখন ব্যাথা করে তা সবুজ
ওয়াল স্ট্রিট সবুজ
স্যা্মরক্স সবুজ
সেন্ট প্যাট্রিক্স ডে সবুজের সমুদ্র
পুরোহিত আর নানরা সবুজ নাড়ায়
সবুজ মানায় লাল, নীল আর হলুদ আর অফ হোয়াইটের সাথে
সমুদ্র সবুজ
আছে সবুজ টুপি, ব্লাউজ, স্টকিং, প্যান্ট আর
হ্যাণ্ডব্যাগ
সবুজ একটা কঠিন রঙ
সবুজের থেকে দূরে থাকুন
ওটা আপনার নাকের ফুটোর কফ-দলা
সাবধান লাল টুপি পরা সবুজ ছেলেপুলেদের থেকে
টাকা ছাপা হয় সবুজে
জলদস্যুরা সবুজ পরে
পৃথিবীর মাঠ সবুজ, হলুদ আর নীল
সমুদ্র সবুজ
লতা পাতায় জড়াজড়ি সবুজ
পৃথিবী সবুজে ভর্তি
সবুজ চোখো বেড়ালটা রাস্তা দিয়ে নেচে নেচে গেল
সবুজ, আমি তোমায় ভালবাসি সবুজ

Friday, April 22, 2016

অসম্পাদিত চার্লস বুকাওস্কি

আমেরিকান কবি বুকাওস্কির কবিতা আমি আগেও অনুবাদ করেছি। প্রথম কুড়িটা কবিতা নিয়ে গ্রাফিত্তি থেকে একটা ছোটো বই বেরিয়েছিল। তার সাথে পরে আরো তিরিশটা কবিতা জুড়ে ভাষালিপি থেকে বেরোয় ‘চার্লস বুকাওস্কির কবিতা’। এই কবিতাগুলো নতুন। দৈবাৎ আমার  হাতে আসে একটা বই। ‘বুকাওস্কি ব্যাক টু দা মেশিনগান’। বইটা বার করেছেন পৃথিবীর কয়েকজন বুকাওস্কি ভক্ত মিলে। একটি আন্ডারগ্রাউন্ড প্রকাশনাই বলব। কারণ প্রকাশকের নামধাম ঠিকানা ওতে কিছুই নেই। ওরা কেন এটা করলেন? কারণ তারা দেখছিলেন ১৯৯৪এ বুকাওস্কির মৃত্যুর পর বড় বড় প্রকাশকরা বুকাওস্কির লেখা কাটা ছেঁড়া করে নিজেদের মনের মাধুরী মিশিয়ে তা সম্পাদনা করে প্রকাশ করছেন। ম্যানুস্ক্রিপ্টের সাথে মেলালে যা অনেকটাই আলাদা। বুকাওস্কির লেখার ধার কমিয়ে করা হয়েছে মোলায়েম। তাই তারা সরাসরি ম্যানুস্ক্রিপ্টের সাথে মিলিয়ে তার রচনা প্রকাশে সচেষ্ট হয়েছেন। যদিও এর জন্য তাদের কারাবাস পর্যন্ত ঘটতে পারে। ওই বইয়ের প্রথম খণ্ড থেকে এই অনুবাদ গুলো। আসলে আমার কিছু করার ছিলনা ওই প্রতিবাদে গলা মেলানো ছাড়া।   









আবার আঁটকে গেছি কোনো অসম্ভব অবস্থায়



আর ওই বড়কা পাওয়ালা লোকটা, পাঁঠা, নড়ছিল না
আমি তখন দু সারি আসনের মাঝের পথ দিয়ে যাচ্ছিলাম, সে রাতে
গোলাবাড়ির নাচে এলমার হোয়াইটফিল্ড একটা দাঁত খুইয়েছিল
শক্তিশালী এডি গ্রিনের সাথে লড়াইয়ে,
ওর রেডিওটা কেড়ে নেব আমরা, ওর ঘড়িটাও, বলছিল ওরা
আমার দিকে আঙুল তুলে, শালা ইয়াঙ্কি, কিন্তু ওরা জানত না
আমি এক উন্মাদ কবি আর আমি ওখানেই কাৎ হয়ে ওয়াইন খাচ্ছিলাম
আর ওদের মেয়েমানুষদের আদর করছিলাম
আমার চোখ দিয়ে, আর ওরা ভয় পাচ্ছিল, কুঁকড়ে যাচ্ছিল
যে কোনো ছোটো শহরের গবাদি পশুর মত
ভাবছিল কীভাবে আমাকে খুন করবে
কিন্তু প্রথমে
বোকার মত
খুঁজছিল একটা কারণ, আমি ওদের বলতে পারতাম
এই কিছুদিন আগেই
আমি একজনকে প্রায় মেরে ফেলেছিলাম কারণের অভাবে
তার বদলে আমি ৮.১৫-র বাস ধরলাম
মেম্ফিস যাওয়ার।





স্বীকৃতি পাওয়ার অভিশাপ



স্বীকৃতি পাওয়ার অভিশাপ
যেখানে এমনকি
জিনিয়াসরাও
ব্যর্থ হয়
আর প্রতিভা সব সময়
বেশ্যাবৃত্তি করে,

সাবধান হে ছোকরার দল
ওখানে পৌঁছতে পারাটাও
সোজা ছিলনা একেবারেই,
আর ওখান থেকে ফিরে আসাও চলে না,
মনে রেখ ঠাণ্ডা ঘরগুলোতে
তুমি কী রচনা করেছিলে,
আর জেনো
ভগবান সদয় ছিলেন,
আর এই মুহূর্তে
যারা বেঁচে আছে সেই জনগণ
কিছুই ঠিক করেন না
নিজেরা
অন্তত তুমি তো
আদৌ না।






মারিপোসা অ্যাভিনিউয়ের পাশে ঘাসের ভেতর একটা মৌমাছির মৃত্যু



মৌমাছি নিচে পড়ে গেছে, মৌমাছি নরকপ্রাপ্ত, ভাগ্যহত,
ঘড়ির চোখের ইশারা আমাদের সবাইকে নিয়েছে
৩০৯-এর মাতাল পেইন্টার ভগবানের থেকে
কোনো অংশে খারাপ নয়
সেও শেষমেশ মাথা ঘুরে পড়ে থাকবে
তার সমস্ত নাড়িহীন সৃষ্টির ভেতর
আর তাই রৌদ্র মাতালেরা চলে যাবে পুব দিকের পথে
আর চিরকেলে ৫ম রাস্তারা
যেন মোৎজা্টের পিয়ানো কনচেরটো
যা কিছু পড়ে আছে তার উপর যেন লাফিয়ে পড়েছে বাঘেদের মত,
মৌমাছি নিচে পড়ে গেছে, মৌমাছি নরকপ্রাপ্ত হোক আর ভাগ্যহত
যেভাবে আমরা
যা এক ফোঁটা বাকিটাকি পড়ে আছে,
আর ঘাস আর ফুলের কুঁড়ি
আর পাড়ার মেয়েটা হেঁটে চলেছে।






জেন কুনি বেকারের জন্য, মৃত্যু ২২-১-৬২



আর তুমি চলে গেলে
আমাকে এখানে ফেলে
সেই ঘরে যেখানে জানালার পর্দাটা ছেঁড়া
আর একটা ছোটো লাল রেডিওতে বাজচ্ছে সিগফ্রাইডের আইডল।

আর তাই তুমি চলে গেলে দ্রুত
যেভাবে এসেছিলে আমার কাছে,
আর আমরা আগেও বিদায় জানিয়েছি।
আর আমি যখন তোমার মুখ আর ঠোঁট মুছছি
তুমি তোমার চোখ এত বড় করে খুললে
যা আমি আগে কখনো দেখিনি আর বললে
‘আমি হয়ত জানতাম
এটা তুমিই হবে’ ... তুমি দেখেছিলে আমায়
কিন্তু বেশিক্ষণ নয়
আর একজন সরু সাদা পায়ের বুড়ো ভদ্রলোক
বলল, ‘আমি মরতে চাইনা’,
আর তোমার রক্ত উঠল আবার
আমি অঞ্জলি ভরে ধরেছিলাম তা
যা বাকি ছিল
সব রাতের আর দিনের
আর বুড়োটা বেঁচে ছিলো তখনো
কিন্তু আমরা নই
আমরা নই।

আর তুমি চলে গেলে যেভাবে এসেছিলে,
তুমি আমাকে ছেড়ে গেলে দ্রুত,
তুমি আগেও আমাকে ছেড়ে গেছ বহুবার
তখন ভাবতাম তা আমার মৃত্যু আনবে
কিন্তু আনেনি
আর তুমি ফিরে এসেছ।

এখন আমি লাল রেডিওটা বন্ধ করে দিয়েছি
আর কেউ একটা পাশের ফ্ল্যাটে ধাম করে দরজা বন্ধ করল।
এটাই শেষ অভিযোগ, রাস্তায় আর তোমায় পবো না আমি
অথবা ফোনটাও বাজবে না তবু প্রতিটা মুহূর্ত
আমাকে টিকতে দেবে না।

এটুকুই যথেষ্ট নয় যে অনেক মৃত্যু আছে
আর এই প্রথম তাও নয়
এটুকুই যথেষ্ট নয় যে আমি আরো কিছুদিন বেঁচে থাকব
হয়ত আরো কিছু বছর।

এটুকুই যথেষ্ট নয়
যে ফোনটা মৃত একটা পশুর মত যা
কথা বলবে না, সে তো কথা বলেছে
কিন্তু এখন সারাটা সময় ভুলভাল গলায়।

আমি অপেক্ষা করেছি আগেও আর তুমি চলে গেছ
দরজার ভেতর দিয়ে, এখন আমার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে।  






Wednesday, April 13, 2016

আগুনের ফুল





পয়সা বাঁচাতে তামিলনাডুতে থাকাকালীন আমরা হস্টেল ছেড়ে বহু ভাড়া বাড়িতে বাড়িতে দিন কাটিয়েছি যার অধিকাংশ ছিল শহর থেকে অনেক দূর সব অন্ধকার শহরতলিতে। আধা গ্রাম আধা শহরের সেই দিনগুলোতে লাউড স্পিকারে এই দেবী মারিআম্মার গান শোনা। ভোররাতের এইসব গান ঘুম ভাঙিয়েছে কতদিন। একটা গানে বার বার ঘুরে ঘুরে আসছে মারিআম্মা শব্দটা। ভাষা না বুঝলেও এটা যে মারিআম্মার গান সেটা আর নতুন করে বলে দেওয়ার নয়।

এখনও ওই সুর আর শব্দ মাথায় গেঁথে আছে। যেভাবে আছে কাঁটাতারের বেড়ার ওপারে যে শ্যামলা মেয়েটি রুদ্রবীণা বাজানো শিখত তার সেই অদ্ভুত গম্ভীর সুরের বিকেলগুলো। আমাদের এখানকার মধ্যবিত্ত পাড়ার বিকেলের হারমোনিয়ামের মতই হয়ত। যাদের সাথে প্রেমে পড়তে কোনো বাধা নেই। রুল টানা খাতার পাতা ছিঁড়ে তখনও প্রেম পত্র লেখা চলত। আমি একবার এরকম একটা প্রেম পত্র পেয়ে চমকে গেছিলাম। যা আমাকে লেখা নয়। পাড়ার কোনো ছোঁড়া আমাদের তরুণী কাজের মেয়েটাকে লিখে থাকবে। অজস্র বানান ভুলের সেই প্রেম পত্রে একবার চোখ বুলিয়ে ফের একই যায়গায় খানিক লজ্জা পেয়ে রেখে দিয়েছিলাম। কাউকে কিছু বলিনি পাছে এই নিয়ে বাড়িতে একটা তদন্ত কমিটি বসিয়ে ফেলে লোকজন, শুধু ভেবেছি প্রেম পত্র কত রকমের হয়!

নিম পাতাকে শাড়ির মত জড়িয়ে মেয়েরা চলেছে মন্দিরে মারিআম্মার পুজো দিতে। হাতে করে নিম পাতার উপর কাঠের আগুন যাকে নাকি আগুন বলা যাবে না, বলতে হবে ফুল। সেটাই অর্ঘ্য। আর তখন মন্দির থেকে ভেসে আসছে পাখোয়াজের দ্রুত তালের গুরু গুরু। যারা এটা বাজায় তাদের হাতের সব আঙুলে বহুকাল আগে দেখেছি লোহার আংটির মত মোটা কিছু পরা। শক্ত শরীর ঘামে ভেজা টান টান। আর ভক্তেরা সমানে সমস্বরে রোল তুলছেন শক্তি শক্তি।